খুলনা অফিস
দিঘলিয়ায় নিহত চরমপন্থী নেতা নাসিমুল গণি ওরফে নাসিম—
ছবি:
খুলনার দিঘলিয়ায় নিষিদ্ধঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি (এমএল) এর আঞ্চলিক নেতা হিসেবে পরিচিত নাসিমুল গনি ওরফে নাসিম (৫৫) হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহতের স্ত্রী সেলিনা বেগম মুক্তি বাদী হয়ে অজ্ঞাতনামা সাত-আটজনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
এদিকে ঘটনার তিন দিন পরও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত বা গ্রেপ্তার করতে না পারার প্রেক্ষাপটে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুমকে প্রত্যাহার করা হয়েছে। তবে তার প্রত্যাহারের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে সন্দেহভাজন কয়েকজনের উপস্থিতি দেখা গেলেও তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে পুলিশ জানিয়েছে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ্র প্রকাশ বলেন, আগের ওসি হাওলাদার সানোয়ার হুসাইন মাসুমকে কী কারণে প্রত্যাহার করা হয়েছে, তা ঊর্ধ্বতন কর্মকর্তারা জানেন। নিহতের স্ত্রী সেলিনা বেগম মুক্তি বাদী হয়ে অজ্ঞাতনামা সাত-আটজনকে আসামি করে থানায় মামলা করেছেন। মামলাটির নম্বর ৪, তারিখ ৫ অক্টোবর ২০২৬।
তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। তদন্তের মাধ্যমে দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা হবে।