স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে আলাদা ঘটনায় মাদকদ্রব্য সেবন ও চুরির সময় হাতেনাতে আটক ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে একদিনের বিচারিক আদালত।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল ও সাকিব আহম্মেদ ইমন আলাদা রায়ে তাদের সাজা দেন।
সাজাপ্রাপ্তরা হলো, শহরের ঘোপ সেন্ট্রাল রোডের সুমনের বাড়ির ভাড়াটিয়া মৃত কালু শেখের ছেলে আকিল, সদরের মোবারককাঠি গ্রামের আবু জাফরের ছেলে বোরহান উদ্দিন, বাঘারপাড়ার কোটারাকান্দি গ্রামের বাসিন্দা যশোর উপশহরের ই-ব্লকে বাসিন্দা মৃত আলতাফ হোসেনের ছেলে রুমন হোসেন, কেশবপুরের মূলগ্রামের মৃত পরিতোষ নন্দীর ছেলে জয়ন্ত নন্দী ও মৃত আব্দুল হালিম মোড়লের ছেলে রায়হান হোসেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ৮ অক্টোবর সকাল ৬টার দিকে যশোর জেনারেল হাসপাতালের নাসিং ইন্সটিটিউটের কোয়ার্টারের নিচ থেকে বৈদ্যুতিক কার্টআউট খুলে তার চুরির চেষ্টাকালে আকিলকে আটক করা হয়। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়। এ ঘটনায় মামলা দিয়ে প্রতিবেদনসহ আদালতে সোপর্দ করে পুলিশ। শুনানি শেষে আসামি দোষ স্বীকার করায় বিচারক তাকে দুই মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
অন্যদিকে, গত ৭ অক্টোবর রাতে শহরতলীর মোবারককাঠি গ্রামের মনির হোসেন তেল পাম্পের পূর্ব পাশে যশোর-খুলনা মহাসড়ক থেকে বোরহান উদ্দিনকে আটক ও তার কাছ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দিয়ে প্রতিবেদনসহ আদালতে সোপর্দ করে পুলিশ। শুনানি শেষে আসামি দোষ স্বীকার করায় বিচারক তাকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
৭ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে শহরের বড়বাজারের মাড়ুয়াড়ি মন্দিরের সামনে থেকে রুমন হোসেনকে আটক ও তার কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দিয়ে তদন্ত প্রতিবেদনসহ রুমনকে আদালতে সোপর্দ করে পুলিশ। শুনানি শেষে আসামি দোষ স্বীকার করায় বিচারক তাকে দুই মাসের সশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
৭ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে কেশবপুর উপজেলার মূলগ্রামে আক্তারের বাড়ির সামনে ইটের সলিং রাস্তা থেকে জয়ন্ত ও রায়হানকে আটক করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা সেবনের কথা স্বীকার করে। এ ঘটনায় মামলা দিয়ে তদন্ত প্রতিবেদনসহ আটক দুইজনকে আদালতে সোপর্দ করে পুলিশ। শুনানি শেষে আসামিরা দোষ স্বীকার করায় বিচারক তাদের দেড় মাস করে সশ্রম কারাদণ্ড, ৫০০ টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
সাজাপ্রাপ্তরা যশোর কেন্দ্রীয় কারাগারে আটক আছেন।