কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুর হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত ২টার পর কুমারখালী পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের খয়েরচারা মাতৃমন্দিরে এই ঘটনা ঘটে।
এতে গণেশ, লক্ষ্মী ও দুর্গার বাহন সিংহের প্রতিমার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা ও সনাতন ধর্মাবলম্বীদের সূত্রে জানা যায়, খয়েরচারা মাতৃমন্দিরে দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরির কাজ চলছিল। রাতে প্রতিমা তৈরির কাজ শেষ করেন কারিগর অধীর বিশ্বাস। ওই সময় কারিগরের সঙ্গে আরও চারজন মন্দিরে উপস্থিত ছিলেন। কাজ শেষে প্রতিমাগুলো কাপড় দিয়ে ঢেকে রেখে তারা বাড়ি ফিরে যান। শুক্রবার সকালে মন্দিরে এসে স্থানীয়রা প্রতিমার বিভিন্ন অংশ ভাঙা দেখতে পান।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক কৌশিক বিশ্বাস জানান, 'রাত ২টা পর্যন্ত আমরা মন্দিরে ছিলাম। কারিগর প্রতিমা তৈরির কাজ শেষ করার পর তা ঢেকে রেখে সবাই বাড়ি ফিরে যাই। সকালে প্রতিমা ভাঙচুরের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে এসে দেখি প্রতিমা ক্ষতিগ্রস্ত করা হয়েছে। আমাদের ধারণা, রাত ২টার পর ভোররাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটেছে।'
তিনি আরও বলেন, দুর্গাপূজা সামনে রেখে এমন ঘটনায় তারা চরম আতঙ্কিত। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তারা নিশ্চিত নন। তবে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ সারোয়ার বলেন, 'এ ধরনের জঘন্য ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও এ ঘটনার পুনরাবৃত্তি রোধে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে।'
এদিকে ঘটনার খবর পেয়ে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সাবেক সংসদ সদস্য ও স্থানীয় রাজনৈতিক নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন।