স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর সদর উপজেলার চান্দুটিয়া গ্রামে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিল্লাল হোসেন (৩৮) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
তার আগে ওই যুবককে মারধর করা হয়। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
শনিবার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিল্লাল ঝিকরগাছা উপজেলার মনোহরপুর কায়েমখোলা মোল্লাপাড়ার আনছার মোড়লের ছেলে। বর্তমানে তিনি উপজেলার জয়রামপুর গ্রামে বসবাস করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর মেয়ের পারিবারিক বিরোধ মীমাংসার সময় বিল্লালের সাথে তার পরিচয় হয়। পরে বিভিন্ন সময়ে ফোন করে ওই নারীকে কুপ্রস্তাব ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, শুক্রবার দুপুর দেড়টার দিকে বাড়ির অন্যরা জুমার নামাজে যাওয়ার সুযোগে চান্দুটিয়া গ্রামে ওই নারীর শয়নকক্ষে প্রবেশ করেন বিল্লাল। একপর্যায়ে তাকে ধর্ষণচেষ্টা করলে তিনি চিৎকার করেন। এ সময় স্থানীয়রা এসে বিল্লালকে পাকড়াও করে। পরে উত্তেজিত লোকজন তাকে মারপিট করলে তিনি আহত হন।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ তাকে হেফাজতে নিয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়। পরে তাকে থানায় নেওয়া হয়।