স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর শহরে ১৫ বছরের এক কিশোরকে জিম্মি করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শনিবার ভুক্তভোগী কিশোরের বাবা আবুল কালাম আজাদ বাদী হয়ে কোতোয়ালি থানায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুইজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, চাঁদার দাবিতে জ্বলন্ত সিগারেট দিয়ে ওই কিশোরের হাত পুড়িয়ে দিয়ে নির্যাতনের ভিডিও ধারণ করা হয়েছে।
আবুল কালাম আজাদ জানান, পূর্বপরিচিতির সূত্রে গত ৭ অক্টোবর দুপুরে রিয়াদ নামে স্থানীয় এক যুবক ফোন করে কিশোর সাজেদুর রহমানকে (১৫) ডেকে নেয়। পরে তাকে আটকে রেখে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা কিশোরের গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায় এবং বেধড়ক মারধর করে। পরে সিটি কলেজ এলাকা থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা।
ভুক্তভোগীর বাবা বলেন, 'এই ঘটনার পর থেকে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। অভিযুক্তরা এলাকায় সন্ত্রাসী ও মাদককারবারি হিসেবে পরিচিত এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।'
এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। সত্য হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।