স্টাফ রিপোর্টার
, যশোর
নদী ও খাল অবৈধ দখল থেকে মুক্ত করা এবং যশোরের দীর্ঘদিনের স্থায়ী জলাবদ্ধতা নিরসনে কার্যকর ও টেকসই পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে যশোরের ক্রাইস্ট চার্চ ট্রেড স্কুল কনফারেন্স রুমে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যশোর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন। এ সময় তিনি যশোরের পরিবেশ সুরক্ষা, খাল পুনর্খনন, ঐতিহ্যবাহী গাছ রক্ষা এবং পরিবহন খাতে লিথিয়াম-আয়ন ব্যাটারিচালিত ইজিবাইক চালুর মতো সরকারের একাধিক পরিকল্পনার কথা তুলে ধরেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, 'নদী, খাসজমি ও পুকুর দখলকারীরা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের ছাড় দেওয়া হবে না। বর্তমান সরকার প্রভাবশালীদের পক্ষে নয়, সাধারণ মানুষের পাশে থেকে পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে। যেকোনো উন্মুক্ত জলাশয় যা প্রভাবশালীরা অবৈধভাবে দখল করে রেখেছিল, তা মুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। মানুষ যেন একটি স্বাভাবিক ও সুস্থ পরিবেশে নিঃশ্বাস নেওয়ার সুযোগ পায়, তা নিশ্চিত করা আমাদের লক্ষ্য।'
খালের নাব্য ফিরিয়ে আনার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, ইতিমধ্যে কেশবপুরে খাল পুনর্খনন কাজ শুরু হয়েছে এবং হৈবতপুরে শেষ হয়েছে। ২০৩০ সালের মধ্যে ইনশাআল্লাহ যশোরের সব উপজেলার প্রয়োজনীয় খালগুলো পুনর্খনন সম্পন্ন করা হবে।
যশোর, অভয়নগর, কেশবপুর ও মণিরামপুরসহ এই অঞ্চলের দীর্ঘদিনের তীব্র জলাবদ্ধতা নিয়ে কথা বলেন প্রতিমন্ত্রী। অতীত উদ্যোগের ধারাবাহিকতা না থাকায় এই সংকট আরও ঘনীভূত হয়েছে উল্লেখ করে তিনি জানান, পানিসম্পদ, কৃষি ও আইনমন্ত্রীকে সাথে নিয়ে স্থানীয় অংশীজনদের মতামতের ভিত্তিতে খুব দ্রুতই এর একটি স্থায়ী ও টেকসই সমাধান খোঁজা হবে। পাশাপাশি ঐতিহাসিক যশোর-বেনাপোল সড়কের ঐতিহ্যবাহী প্রাচীন গাছগুলো রক্ষা করেই সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নের কাজ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
পরিবেশবান্ধব প্রযুক্তির ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, 'পরিবেশ রক্ষায় লেড ব্যাটারির পরিবর্তে লিথিয়াম-আয়ন বেসড ব্যাটারি ব্যবহার একটি বড় সমাধান হতে পারে। এটি যেমন বিদ্যুৎ সাশ্রয় করবে, তেমনি পরিবেশ দূষণও অনেকাংশে কমাবে। ডেসকোর মাধ্যমে রাজধানীর উত্তরখানে যে পাইলট প্রজেক্ট আমরা চালু করেছি, তা পর্যায়ক্রমে দেশজুড়ে ছড়িয়ে দেওয়া হবে।'
বাপা যশোর জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক খন্দকার আজিজুল হক মনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। এছাড়া বাপার কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নূর মোহাম্মদ তালুকদারসহ স্থানীয় পরিবেশকর্মীরা সম্মেলনে বক্তব্য দেন।