স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের মনিরামপুরে জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন
ছবি:
আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চের আগেই ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন।
তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের সাত মাসের শাসনামলে দলীয়করণ ও চাঁদাবাজির বিস্তারে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি ও জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
শনিবার (১০ অক্টোবর) যশোরের মণিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা জামায়াতের আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে মোবারক হোসেন বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। এর সঙ্গে জ্বালানি তেলের দাম বাড়ানোয় জনজীবনে বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। অন্যদিকে দলীয়করণ ও চাঁদাবাজির অভিযোগে জনমনে অসন্তোষ বাড়ছে।
তিনি বলেন, এসব সংকট নিরসনে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ১১ দলীয় ঐক্যের উত্থাপিত সাত দফা দাবি উপেক্ষা না করে দ্রুত মেনে নেওয়ার উদ্যোগ নিতে হবে। আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চের আগেই দাবিগুলো মেনে নিয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি সমাধানের পথ তৈরি করতে হবে।
মোবারক হোসেন আরও বলেন, দেশের মানুষের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং দুর্নীতি ও চাঁদাবাজি প্রতিরোধে সরকারকে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।
শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আবু সাদিক, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক এবং যশোর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মোক্তার আলী।
এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন, গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, অধ্যাপক শামসুজ্জামান, অধ্যাপক মনিরুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম, মাওলানা আব্দুস সামাদ, আব্দুল্লাহ আল মামুন, মণিরামপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক, কেশবপুর উপজেলা সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, মণিরামপুর উপজেলা সেক্রেটারি মাওলানা ইব্রাহিম খলিল এবং অভয়নগর উপজেলা সেক্রেটারি অধ্যাপক মহিউল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।