কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন নয় নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও বিএনপি নেতা আইয়ুব আলী সরদার। দীর্ঘদিন ধরে দলটির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার পাশাপাশি এলাকায় তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
আইয়ুব আলী সরদার বাগালী ইউনিয়নের বগা গ্রামের মজিবার রহমান সরদারের ছেলে। স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণে তিনি একাধিকবার হামলা ও মামলার শিকার হন এবং কারাবরণ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, আইয়ুব আলী সরদার এর আগে উত্তর বগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, কয়রা উপজেলা যুবদল ও উপজেলা বিএনপির সদস্য এবং বাগালী ইউনিয়ন বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বগা পূর্বপাড়া জামে মসজিদ, বগা মদিনাতুল উলুম তালিমুল কোরআন নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা এবং বগা ইয়াং স্টার ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্দিনের ত্যাগী নেতা হিসেবে আইয়ুব আলী সরদারের এলাকায় ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এছাড়া বাগালী ইউনিয়নের সাবেক ৩ নম্বর ওয়ার্ড অর্থাৎ সাত গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি—তারা এই অঞ্চলের মধ্য থেকেই চেয়ারম্যান দেখতে চান। সেই হিসেবে আইয়ুব আলী অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছেন।
মনোনয়ন প্রত্যাশী আইয়ুব আলী সরদার জানান, দলীয় মনোনয়ন পেলে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করবেন। নির্বাচনি বৈতরণী পার হতে তিনি দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন।