স্টাফ রিপোর্টার
, যশোর
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যশোর সিটি কলেজ শাখার সাধারণ সম্পাদক ফয়সাল হাসান তদ্রুপকে (২২) ছুরিকাঘাতে জখমের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। তিনি যশোর শহরের বারান্দী মোল্লাপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে।
আসামিরা হলেন, বারান্দী মোল্লাপাড়া এলাকার সুইটের ছেলে অংকন এবং হামিদের ছেলে লাদেন। এছাড়া অজ্ঞাত ৫/৬জনকে আসামি করা হয়েছে।
তদ্রুপের বাবা রবিউল ইসলাম এজাহারে উল্লেখ করেছেন, তার ছেলে সিটি কলেজে লেখাপড়া করে। আসামিরা মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসী। তারা কলেজে মেয়েদের উত্ত্যক্ত করে। বুধবার (১৪ অক্টোবর) বেলা ১২টার দিকে অঙ্কন ও লাদেন কলেজে মেয়েদের উত্ত্যক্ত করছিল। সে সময় তার ছেলে তদ্রুপ বাধা দেয়। তাদের এই সব কাজ করতে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা তদ্রুপের ওপর চড়াও হয় এবং তাকে উপর্যুপরি ছুরিকাঘাতে জখম করে পালিয়ে যায়। পরে আশেপাশের অন্যান্য শিক্ষার্থী ও ছাত্রদলের কর্মীরা এগিয়ে এসে তদ্রুপকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে কোতোয়ালি থানার পরির্দশক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেছেন, সিটি কলেজে ছুরিকাঘাতের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে।