শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাটি অভয়ারণ্য এলাকার একটি খাল থেকে তিন জেলেকে আটক করেছে বন বিভাগের স্মার্ট পেট্রোল টিম।
এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ৬০ কেজি কাঁকড়া, একটি ডিঙি নৌকা ও কাঁকড়া ধরার সরঞ্জাম জব্দ করা হয়।
গত বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে পুষ্পকাটি অভয়ারণ্যের মাইটের গোড়ার খাল এলাকায় এই অভিযান চালানো হয়। সাতক্ষীরা রেঞ্জের স্মার্ট পেট্রোল টিম-১ এর দলনেতা সজল মজুমদারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
আটক ব্যক্তিরা হলেন—সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের আবদুর রহিম গাজী (৪২), বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবদুল গনি (৪৯) ও একই ইউনিয়নের নীলডুমুর এলাকার রাসেল ইসলাম।
অভিযানকালে আনুমানিক ৬০ কেজি কাঁকড়া ছাড়াও একটি ডিঙি নৌকা, ৫০টি আটন (কাঁকড়া ধরার ফাঁদ), একটি পানির ড্রাম, দুটি দড়ি, তিনটি বৈঠা ও একটি দাও জব্দ করা হয়েছে।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) ইরফান উদ্দিন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনায় বন আইনে একটি পিওআর (প্রিভেনশন অব অফেন্স রিপোর্ট) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।