লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় ভ্যানচালক ফয়সাল মুন্সি (২৬) হত্যা মামলার প্রায় দুই বছর পর সন্দেহভাজন দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ইয়ামিন (২২) ও রইচ (২৩)। তারা নিহত ফয়সালের ঘনিষ্ঠ বন্ধু বলে জানিয়েছে পিবিআই।
পিবিআই সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর রাতে লোহাগড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পিবিআই যশোরের উপপরিদর্শক (এসআই) রতন মিয়ার নেতৃত্বে আট সদস্যের একটি দল এই অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৩ মে রাত আনুমানিক ৮টার দিকে লোহাগড়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপাশা-মারকাজুল সড়কে এক কলা ব্যবসায়ীর বাড়ির পাশে ফয়সালকে পিঠে ছুরি মেরে হত্যা করা হয়। এরপর দুর্বৃত্তরা তার উপার্জনের একমাত্র মাধ্যম অটোভ্যানটি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে লোহাগড়া থানা পুলিশ সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে।
এই ঘটনায় ২০২৪ সালের ১৬ মে লোহাগড়া থানায় দণ্ডবিধির ৩০২ ধারায় একটি হত্যা মামলা করা হয়। পিবিআই জানায়, গ্রেপ্তার দুই সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ শেষে ১৩ অক্টোবর আদালতে পাঠানো হয়েছে। মামলাটির রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।