কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গণে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
প্রতিষ্ঠানের সভাপতি আহসান হাবীব রনকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. কামরুজ্জামান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের অধ্যক্ষ জয়া রানী চন্দ।
আলোচনা সভায় বক্তারা ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষাজীবনের এই নতুন অধ্যায়কে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠান শেষে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের হাতে উপহার হিসেবে স্কুলব্যাগ তুলে দেওয়া হয়।