যশোর, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কয়রায় মাদরাসায় ছয় কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ০৮:১৯ পিএম
আপডেট : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ০৮:২৪ পিএম
কয়রায় মাদরাসায় ছয় কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ

খুলনার কয়রা উপজেলার উত্তরচক বহুমুখী কামিল মাদরাসায় ছয়জন কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে অনিয়ম, প্রশ্ন ফাঁস ও অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে।

পছন্দের প্রার্থীদের নিয়োগ দিতে অনৈতিক পন্থা অবলম্বনের অভিযোগ তুলে নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ২টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন কয়রা সদর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড জামায়াতের উত্তরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

লিখিত বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন অভিযোগ করেন, মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাসুদুর রহমান অনিয়মের মাধ্যমে ছয়জন কর্মচারীর নিয়োগ পরীক্ষা সম্পন্ন করেছেন।

নিয়োগকে কেন্দ্র করে একটি অসাধু চক্র অর্থ লেনদেনের মাধ্যমে পছন্দের প্রার্থীদের নির্বাচিত করতে অনৈতিক পন্থা অবলম্বন করেছে।

তিনি বলেন, এসব অভিযোগের বিষয়ে গত ৬ সেপ্টেম্বর মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে বিধিবহির্ভূতভাবে প্রতিনিধি নিয়োগ করা হয়।

এরপর তড়িঘড়ি করে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করায় যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হয়েছে।

লিখিত বক্তব্যে অর্থ লেনদেনের সুনির্দিষ্ট অভিযোগ তুলে আব্দুল্লাহ আল মামুন বলেন, বায়েজিদ ইসলাম নামে এক প্রার্থীকে চাকরি দেওয়ার কথা বলে দশ লাখ টাকার চুক্তি করা হয়।

এর মধ্যে নগদ তিন লাখ টাকা নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

একইভাবে শাহিন ইসলাম নামে আরেক ব্যক্তির কাছ থেকে চার লাখ টাকার চুক্তিতে দুই লাখ টাকা নেওয়ার অভিযোগও করেন তিনি।

এসব অভিযোগের পক্ষে প্রমাণাদি নিজের কাছে সংরক্ষিত রয়েছে বলে দাবি করেন আব্দুল্লাহ আল মামুন।

তিনি নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

একই সঙ্গে বিতর্কিত নিয়োগ পরীক্ষা বাতিল করে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় পুনরায় নিয়োগ কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

এদিকে, নিয়োগ প্রক্রিয়া বাতিলের প্রতিবাদে সচেতন এলাকাবাসী ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

তাদের দাবি পূরণ না হলে পরবর্তী সময়ে বিভিন্ন কর্মসূচি পালনেরও ঘোষণা দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উত্তরচক বহুমুখী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাসুদুর রহমান বলেন, ‘সকল নিয়মকানুন মেনেই নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)