লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইল সদর উপজেলায় এক নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলার আসামি প্রহ্লাদ খান (৪৮) প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন মামলার বাদী ও ভুক্তভোগী নারী।
ওই নারীর অভিযোগ, মামলা দায়েরের দুই সপ্তাহ পার হলেও পুলিশ আসামিকে গ্রেপ্তার করেনি। তবে পুলিশ বলছে, আসামি পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১২টার দিকে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন ভুক্তভোগী নারী। তিনি দ্রুত আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
অভিযুক্ত প্রহলাদ খান লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ছায়মানার-চর গ্রামের মৃত মছু খানের ছেলে।
ভুক্তভোগী নারীর অভিযোগ, মামলা দায়েরের পর থেকে প্রহ্লাদ খান নিজ বাড়িতেই অবস্থান করছেন এবং প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এরপরও পুলিশ তাকে গ্রেপ্তার করছে না।
এর আগে গত ১ অক্টোবর এ ঘটনায় নড়াইল সদর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন ওই নারী।
এর দুই দিন পর, ৩ অক্টোবর দুপুরে প্রহলাদ খান নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে করা মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক বলে দাবি করেন। একই সঙ্গে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
মামলার এজাহারে বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর বিশেষ কাজে প্রহ্রাদ খানের সঙ্গে নড়াইলে আসেন ৪৪ বছর বয়সী ওই নারী। সেখান থেকে ফেরার পথে সদর উপজেলায় নিজের এক অসুস্থ আত্মীয়কে দেখতে যাওয়ার অনুরোধ করেন প্রহ্লাদ। পরে তার সঙ্গে ওই বাড়িতে গেলে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া ঘটনার কথা কাউকে জানালে ভুক্তভোগী নারী ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা নড়াইল সদর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, ‘মামলার আসামি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং পুলিশ তাকে গ্রেপ্তার করছে না- বাদীর এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন, এ অভিযোগ সঠিক নয়। মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে আসামিকে গ্রেপ্তারের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।