ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার করাতীপাড়া গ্রামে পরকীয়ার সন্দেহে এক নারীকে মারধর, চুল কেটে দেওয়া ও শরীরে মরিচের গুঁড়া মাখানোর মামলার প্রধান আসামি আন্না খাতুনকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুর আড়াইটার দিকে হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক আন্না করাতীপাড়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে পরকীয়ার সন্দেহে আন্না খাতুনসহ কয়েকজন ওই নারীর বাড়িতে গিয়ে তাকে মারধর করেন। একপর্যায়ে আন্না ওই নারীর মাথার চুল কেটে দেন এবং শরীরে শুকনো মরিচের গুঁড়া মাখিয়ে দেন। এ সময় মাকে রক্ষা করতে গিয়ে তার ছেলে মারধরের শিকার হন। ঘটনার পর ওই নারী তার স্বামীকে বিষয়টি জানান এবং রাতে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শেখ বিল্লাল হোসেন জানান, মামলা হওয়ার পর থেকেই সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা পুলিশ যৌথ অভিযান শুরু করে। শনিবার দুপুরে গোপন সংবাদে হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া গ্রামে আত্মগোপনে থাকা অবস্থায় প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।