খুলনা প্রতিনিধি
দুর্বৃত্তদের গুলিতে খুলনার বটিয়াঘাটা উপজেলায় সোহেল শেখ (৩৬) নামে সাবেক এক ছাত্রদল নেতা গুরুতর আহত হয়েছেন। তিনি আমিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং বর্তমানে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে বটিয়াঘাটা উপজেলার বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এই হামলার ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সোহেল শেখ বড় কড়িয়া এলাকার গনি শেখের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রাতে সোহেল শেখ ওই স্থানে মোটরসাইকেলের ওপর বসে ছিলেন। এ সময় হঠাৎ দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে সোহেলের ডান হাত ও পেটের ডান পাশে গুলি লাগে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
খবর পেয়ে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বাইনতলা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তলের এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, গুলিবিদ্ধ সোহেল শেখের বিরুদ্ধে মাদকসহ আটটি মামলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।