মেহেরপুর প্রতিনিধি
স্বর্ণের বারসহ আটক দুজনকে নিয়ে বিজিবি সদস্যরা—
ছবি:
মেহেরপুর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় সাত কোটি ৩৫ লাখ টাকা মূল্যের ৩২টি সোনার বারসহ পাচারের অভিযোগে দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১ নভেম্বর) দুপুরে মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তের নাগারবিল এলাকায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এ অভিযান চালায়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১১০ থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের ভেতরে আগে থেকেই অবস্থান নেয় বিজিবির একটি টহল দল। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ব্যাগ হাতে সীমান্তের দিকে যেতে দেখে দুই ব্যক্তিকে সন্দেহ হলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় তারা ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুজনকেই আটক করা হয়।
পরে ব্যাগ তল্লাশি করে ৩২টি সোনার বার উদ্ধার করা হয়। এগুলোর ওজন তিন কেজি ৯৪১ গ্রাম। উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য সাত কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।
আটক ব্যক্তিরা হলেন মুজিবনগর উপজেলার সোনাপুর নতুনপাড়া গ্রামের আসাদুল (৫০) ও একই গ্রামের জুয়েল হোসেন (৩০)।
বিজিবি জানায়, আটক দুজনকে মুজিবনগর থানায় এবং উদ্ধার করা সোনা মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্তে সোনা চোরাচালান, মাদক পাচারসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।