সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার ভোমরায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক ভারতীয় নাগরিকের শরীরের অভ্যন্তরে (পায়ুপথে) লুকিয়ে রাখা প্রায় এক কোটি ৫৫ লাখ টাকা মূল্যের সোনার পেস্ট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২ নভেম্বর) সকালে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) ও ভোমরা স্থলবন্দরের (আইসিপি) একটি বিশেষ অভিযানিক দল এ অভিযান চালায়। অভিযানে ৮১৩ দশমিক ৫০ গ্রাম ওজনের দুই প্যাকেট সোনার পেস্টসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। এ তথ্য সাংবাদিকদের কাছে নিশ্চিত করা হয় সোমবার দিবাগত রাতে।
বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। সোনার পেস্ট ভারতে পাচারের পরিকল্পনা ছিল তার।
গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল তাকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করে। পরে তল্লাশি ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার শরীরের ভেতরে লুকিয়ে রাখা সোনার পেস্টের সন্ধান পাওয়া যায়।
এরপর তাকে শারীরিক পরীক্ষার জন্য নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা পরীক্ষায় তার পায়ুপথে লুকিয়ে রাখা দুই প্যাকেট সোনার পেস্ট উদ্ধার করা হয়। উদ্ধার করা পেস্টের মোট ওজন ৮১৩ দশমিক ৫০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৫৫ লাখ টাকা।
সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।