স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের সদর উপজেলার খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকায় একটি বসতবাড়ির পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় লাল টেপে মোড়ানো ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে আরবপুর ইউনিয়নের খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকার বাসিন্দা আশিকুর রহমানের খড়ির ঘরের পাশ থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আশিকুর রহমানের স্ত্রী খড়ি (জ্বালানি কাঠ) রাখার ঘরের পাশে লাল টেপে মোড়ানো ওই বস্তুটি দেখতে পান। তিনি বিষয়টি প্রতিবেশী বাচ্চু মিয়াকে জানান। বাচ্চু মিয়া তখনই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে বিষয়টি অবহিত করেন।
খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইমদাদুল হক ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
পুলিশ জানায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। উদ্ধার হওয়া বস্তুটি আসলে কী এবং কারা, কী উদ্দেশ্যে এটি সেখানে রেখে গেছে—তা খতিয়ে দেখা হচ্ছে।