খুলনা অফিস
খুলনা মহানগর তাঁতিদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হত্যা মামলার আসামি ফায়েক শেখকে (৪৩) গ্রেপ্তার করেছে এসআরবি-৬।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর পল্লবী এলাকা থেকে এসআরবি-৪ এর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।
ফায়েক শেখ খুলনার খালিশপুর থানার রায়েরমহল পশ্চিমপাড়া এলাকার শেখ ইদ্রিস আলীর ছেলে। বুধবার এসআরবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ঢাকার পল্লবী থানার ১২ নম্বর সেকশনের ই-ব্লকের ৮/৭৭ নম্বর রোডে অভিযান চালিয়ে ফায়েক শেখকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আড়ংঘাটা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর (রোববার) সন্ধ্যায় তাঁতিদল নেতা হুমায়ুন কবির নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। পূর্বশত্রুতার জের ধরে আসামি ফায়েক শেখসহ অন্য আসামিরা সেখানে প্রবেশ করে ধারালো চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।
স্থানীয় বাসিন্দারা হুমায়ুন কবিরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে সৈয়দ নূর আমিন বাদী হয়ে আড়ংঘাটা থানায় একটি হত্যা মামলা করেন।
এর আগে এ মামলায় সিদ্দিক শেখ নামে আরেকজনকে গ্রেপ্তার করে পুলিশ।