কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহ শহরের মানুষের কাছে পরিচিত মুখ অসুস্থ সাকিয়া খাতুন (৬০)। পেটের টানে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষা করেন।
দীর্ঘ ২০ বছর ধরে ভিক্ষাবৃত্তির জমানো টাকায় কিনেছিলেন সখের সোনার চেইন। সেই সখের সম্বল ছিনতাইকারীর নিষ্ঠুরতায় হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন সাকিয়া।
খোঁজ নিয়ে জানা গেছে, ভিক্ষার জমানো টাকা দিয়েই ঘরভাড়া দেওয়া থেকে শুরু করে কোনোমতে সংসারটা চালিয়ে নেন।
অভাবের সংসারে করে তিল তিল করে জমানো সেই সম্বল দিয়ে একটি সোনার চেইন কেনেন। শহরের ক্যাসেল ব্রিজ এলাকা থেকে এক অজ্ঞাত ছিনতাইকারী তার গলায় থাকা সাধের সোনার চেইনটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন অসহায় এই নারী।
দেড় ভরি ওজনের চেইনটির বর্তমান বাজারমূল্যে প্রায় দুই লাখ টাকা। চেইনটি হারিয়ে সাকিয়া খাতুনের বিলাপ আর্তনাদ, ‘গরিব মানুষ কি সোনার চেইন ব্যবহার করতে পারে না?’
সাংবাদিকদের দেখে কান্নায় ভেঙে পড়া এই নারী বলেন, ‘তুই ওসির কাছে কয়, আমার চেইনটা উদ্ধার করে দিক। আমি গরিব মানুষ বলে এক মাস হয়ে গেলেও কেউ চেইনটা উদ্ধার করে দিলো না, বড়লোক হলে ঠিকই খুঁজে বের করতো।’
এ বিষয়ে জানতে চাইলে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এ ধরনের কোনো চেইন ছিনতাইয়ের অভিযোগ বা ঘটনার কথা তার জানা নেই।
তবে বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।