স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে পুলিশের পৃথক অভিযানে এক কেজি গাঁজা ও ৭৪ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটকের কথা জানানো হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ও রাতে জেলার বেনাপোল ও চৌগাছা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বিকেলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল আজাদের নেতৃত্বে একটি দল বেনাপোল পোর্ট থানার নারায়ণপুর গ্রামে অভিযান চালায়। এ সময় কবির হোসেনের বসতবাড়ির সামনে থেকে সাখাওয়াত হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক সাখাওয়াত শার্শা উপজেলার শার্শা গ্রামের শাহাদত হোসেনের ছেলে।
অন্যদিকে, মঙ্গলবার রাতে চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেনের নেতৃত্বে বর্ণি গ্রামে অভিযান চালানো হয়। বর্নি চৌরাস্তা থেকে বর্নি ক্যাম্পগামী সড়কের দাখিল মাদরাসার সামনে থেকে ডাবলু রহমান নামে একজনকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক ডাবলু রহমান চৌগাছা উপজেলার বর্নি ময়রাপাড়া গ্রামের কাশেম আলীর ছেলে।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।