চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় অবৈধভাবে জমি থেকে বালি ও মাটি কেটে বিক্রির দায়ে জমির মালিক শাহিনুর রহমানকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলার স্বর্পরাজপুর পশ্চিমপাড়ার কাতলাকুড়ো পুকুরের পাশে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনিব। জরিমানা অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
জরিমানাপ্রাপ্ত শাহিনুর রহমান স্বর্পরাজপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে। এর আগে গত ৮ নভেম্বর বিকেলে সরেজমিনে গিয়ে তার জমি থেকে অবৈধভাবে মাটি ও বালি কাটার চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, নিজের মালিকানাধীন জমি থেকে মাটি কেটে গভীর করে ফেলেছেন শাহিনুর রহমান। এতে আশপাশের কৃষকদের ধানিজমি ক্ষতির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, নিষেধ করা সত্ত্বেও তিনি কারও বাধা মানছেন না।
স্থানীয় কৃষক লাল্টু বলেন, চার-পাঁচ দিন ধরে নিজের জমি থেকে বালি ও মাটি কেটে বিক্রি করছেন শাহিন। বাধা দিলেও তিনি কারও কথা তোয়াক্কা করছেন না।
রাজু আহমেদ বলেন, এই কাজের কারণে আশপাশের সবারই ক্ষতি হচ্ছে। কারণ, ওই এলাকার চারপাশেই কৃষিজমি রয়েছে।
এ বিষয়ে জমির মালিক শাহিনুর রহমান বলেন, পাশের একটি জায়গা ভরাট করার জন্য তিনি মাটি কেটেছিলেন। পরে অন্য জায়গা থেকে মাটি এনে ওই কৃষিজমি ভরাট করে দেবেন বলেও জানান তিনি।
এদিকে মঙ্গলবার দুপুরে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনিব। এ সময় মাটি পরিবহনের কাজে নিয়োজিত ট্রাকচালক বিপ্লব পালিয়ে যান। পরে জমির মালিক শাহিনুর রহমানকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনিব বলেন, কৃষিজমি ও পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযানকালে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।