স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের শার্শায় খড়ের গাদার ভেতর লুকিয়ে রাখা ৫৯৬ বোতল নিষিদ্ধ ভারতীয় উইনকোরেক্স সিরাপ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬-এর যশোর ক্যাম্পের সদস্যরা। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে শার্শা উপজেলার শ্রীকোনা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শ্রীকোনা গ্রামের আব্দুল বারির ছেলে জাকির হোসেন (৩২) ও একই গ্রামের শহীদ আলীর ছেলে মহিনুর ইসলাম (৩৩)।
এসআরবি-৬-এর যশোর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, শ্রীকোনা গ্রামের মহিষাডাঙ্গা খালের পাশে একটি খড়ের গাদার ভেতর বিপুল পরিমাণ মাদকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে এসআরবির একটি দল সেখানে অভিযান চালায়।
অভিযানকালে ওই দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী খড়ের গাদায় তল্লাশি চালিয়ে ৫৯৬ বোতল ভারতীয় উইনকোরেক্স সিরাপ উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।