স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে পুলিশ নাশকতার মামলার সন্দিগ্ধ চার আসামিকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে ও মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এরা হলেন, সদর উপজেলার বসুন্দিয়া বিনিময়পাড়ার আশরাফ আলী সরদারের ছেলে আওয়ামী লীগ কর্মী আব্দুর রশিদ, শহরের বেজপাড়া তালতলা এলাকার শফিকুল ইসলাম সিরাজের ছেলে শহিদুল ইসলাম সুজন (৩১) এবং উপশহর এস ব্লক এলাকার রওশন আলীর ছেলে নাসিম আহম্মেদ (২৬)।
সদর পুলিশ ফাঁড়ির সদস্য নুর উন নবী জানিয়েছেন, গত ১ নভেম্বর ভোর পাঁচটার দিকে শহরের লালদীঘির পাড় থেকে সরকারি কর্তৃক নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে একটি মিছিল মাইকপট্টি হয়ে সাবেক কাউন্সিলর হাজি সুমনের বাড়ির সামনে যায়। এই ঘটনায় একটি মামলা হয়। এই মামলার সন্দেহভাজন আসামি আব্দুর রশিদ ও সুজন। মঙ্গলবার তাদের স্ব স্ব বাড়ি থেকে আটক করা হয়েছে। এবং নাশকতার মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কোতোয়ালি থানার এসআই অমৃতলাল দে জানিয়েছেন, ২০২৫ সালের ২৯ অক্টোবর রাতে ঘোপ সেন্ট্রাল রোডের একটি দোকানে বসে আওয়ামী লীগের মিছিল করার প্রস্তুুতির জন্য ব্যানার তৈরি করা হচ্ছিল। সংবাদ পেয়ে ডিবি পুলিশের একটি টিম সেখানে গিয়ে দুইজনকে আটক করে। এই ঘটনায় থানায় একটি মামলা হয়। এই মামলার সন্দেহভাজন আসামি নাসিম আহম্মেদ। গত সোমবার রাতে তাকে আটক করা হয়।
মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এছাড়া, যশোর সদরের রামনগর পিকনিক কর্নার এলাকায় নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গত ৩১ জুলাই মিছিল করে। এ ঘটনায় করা মামলায় জড়িত সন্দেহভাজন জহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ। জাহিদুল ইসলাম সদরের সিরাজসিংহা গ্রামের খোরশেদ আলমের ছেলে।