যশোর, বাংলাদেশ || রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালীগঞ্জে বিএনপির ওয়ার্ড কার্যালয় আগুনে পুড়ে ছাই

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ১২:২৬ পিএম
আপডেট : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ০১:৫৯ পিএম
কালীগঞ্জে বিএনপির ওয়ার্ড কার্যালয় আগুনে পুড়ে ছাই

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের হাসিলবাগ গ্রামে বিএনপির স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটার মধ্যে দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।

এতে কার্যালয়ের চেয়ার, টেবিল, ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, রাত আনুমানিক আড়াইটার দিকে কয়েকজন দুর্বৃত্ত বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন দেওয়ার পর তারা কিছু সময় সেখানে অবস্থান করে চলে যায়।

আগুনে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে যাওয়ার বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতারা ওই ওয়ার্ডের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের দায়ী করছেন।

তাদের অভিযোগ, আওয়ামী লীগের এক নেতা ও সাবেক এক জনপ্রতিনিধির উসকানিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা রাতের অন্ধকারে এ ঘটনা ঘটিয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বারোবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘দিনের বেলায় কিছু করার সাহস না পেয়ে রাতের অন্ধকারে চোরের মতো ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আমরা ঐক্যবদ্ধ আছি, তাদের প্রতিহত করবো। আওয়ামী লীগ নেতা ও সাবেক এক চেয়ারম্যানের উসকানিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বলে আমরা মনে করছি। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি। তারা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে।’

হাসিলবাগ গ্রামের যুবদল নেতা ও ইউপি সদস্য পদপ্রার্থী তুহিন খান বলেন, ‘রাতে কে বা কারা বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে। এতে চেয়ার, টেবিল, ফ্যানসহ কার্যালয়ের সবকিছু পুড়ে গেছে।’

এ বিষয়ে জানতে বারোবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) উপপরিদর্শক (এসআই) দীপঙ্কর মণ্ডলের ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)