যশোর, বাংলাদেশ || রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিএনপির দুই নেতা হত্যার জের:

কালিয়ায় মুক্তি-লিটনসহ ৫০-৬০ বাড়িতে ভাঙচুর আগুন

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ১২:৩৪ পিএম
আপডেট : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ০৪:৪৭ পিএম
কালিয়ায় মুক্তি-লিটনসহ ৫০-৬০ বাড়িতে ভাঙচুর আগুন

নড়াইলের কালিয়ায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় দুই নেতা নিহত হওয়ার ঘটনার জেরে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ ৫০ থেকে ৬০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা এসব বাড়িতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য ঠেকানোর দাবিতে কালিয়া উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন। তাদের বহর বেন্দারচর এলাকার বটতলা মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। এতে কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় কালিয়া মডেল মসজিদে নিহত দুজনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে শুক্রবার দুপুরে নিহত দুই নেতার কবর জিয়ারত করতে কালিয়ায় আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, নড়াইলের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় কালিয়ার বেন্দারচর এলাকায় বিক্ষুব্ধ জনতা সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ অন্তত ৫০ থেকে ৬০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে ভুক্তভোগী পরিবারের সদস্যরা শনিবার (২১ নভেম্বর) মামলা করার জন্য থানায় আসবেন বলে কথা রয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এ ছাড়া শুক্রবার সন্ধ্যায় কিছু বাড়িতে বিক্ষুব্ধ জনতা অগ্নিসংযোগ করেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)