খুলনা অফিস
খুলনার তেরখাদা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মাফিজুর রহমান (৪৭) নামে এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন।
তিনি উপজেলার মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য।
শনিবার (২১ নভেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার মোকামপুর বাজারসংলগ্ন বন্ধুর মোড়ে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুলনা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আহত মাফিজুরের স্বজনেরা জানান, শনিবার রাত ১০টার পর ভ্যানে করে বাড়ি ফিরছিলেন তিনি। মিকাইলের করাতকলের সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোড়ে।
এতে তার বা হাত, ডান পা ও বা পাঁজরের নিচে গুলি লাগে। হামলাকারীরা দ্রুত মোকামপুর বাজারের ওপর দিয়ে দক্ষিণ দিকে পালিয়ে যায় বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
মাফিজুর রহমান উত্তর মোকামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আলী বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।