খুবি প্রতিনিধি
সুন্দরবনের দুবলার চরে প্রতিবছর অনুষ্ঠিত রাস পূর্ণিমা ঘিরে হাজারো পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাগম ঘটে। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পুণ্যস্নানের মধ্য দিয়ে আয়োজিত এ উৎসব স্থানীয় অর্থনীতিতে ভূমিকা রাখলেও পরিবেশ এবং জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে। বিশেষ করে প্লাস্টিক বর্জ্য, নদীদূষণ, অপর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা এবং সুন্দরবননির্ভর মানুষের জীবিকা নিয়ে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) তিন গবেষকের এক গবেষণায়।
গবেষণাটি করেছেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের তিন গবেষক মেহরাব হোসেন, মো. তানভীর হোসেন ও তানভীর আহমেদ সোহেল। তাঁদের গবেষণা অনুযায়ী, প্রতিবছর রাস পূর্ণিমা উপলক্ষে দুবলার চরে প্রায় ৩০ থেকে ৫০ হাজার পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাগম হয়। নৌপথই সেখানে যাতায়াতের একমাত্র মাধ্যম। তিন দিনব্যাপী এ আয়োজনে বনবিবির পূজা, সন্ধ্যা পূজা, প্রসাদ বিতরণ, কীর্তন, ধর্মীয় নাটক, গঙ্গাপূজা ও পুণ্যস্নানসহ বিভিন্ন ধর্মীয় আচার পালন করা হয়।
গবেষণায় দেখা গেছে, বিপুলসংখ্যক মানুষের সমাগমের ফলে নদী ও আশপাশের এলাকায় প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের বর্জ্য জমা হয়। পাশাপাশি পর্যাপ্ত শৌচাগার না থাকায় নদীর পানি দূষণের ঝুঁকি বাড়ে। এতে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।
গবেষণার তথ্য সংগ্রহে দাকোপ, মোংলা ও শরণখোলা এলাকার স্থানীয় বাসিন্দা, উৎসবের আয়োজক, জেলে, বন বিভাগের কর্মকর্তা ও এনজিও কর্মীসহ ১১টি গোষ্ঠীর মোট ২৭ জনের সঙ্গে কথা বলেন গবেষকেরা। তাদের পর্যবেক্ষণে উঠে এসেছে, রাস পূর্ণিমাকে কেন্দ্র করে পরিবহণসহ সংশ্লিষ্ট কিছু খাত অর্থনৈতিকভাবে লাভবান হলেও পরিবেশদূষণের ক্ষতির বড় অংশ বহন করতে হয় সুন্দরবননির্ভর প্রান্তিক জনগোষ্ঠীকে। বিশেষ করে নদীতে ফেলা প্লাস্টিক বর্জ্য জেলেদের জালে আটকে যায় এবং মাছের আবাসস্থল নষ্ট করে। এতে তাদের জীবিকা হুমকির মুখে পড়ে।
এ পরিস্থিতি ব্যাখ্যা করতে গবেষণায় সমাজবিজ্ঞানী রবার্ট মার্টনের 'ডিসফাংশন' ধারণা ব্যবহার করা হয়েছে। এ ধারণা অনুযায়ী, কোনো সামাজিক আয়োজন একদিকে মানুষের মধ্যে সংহতি ও ঐক্য তৈরি করলেও অন্যদিকে অনাকাঙ্ক্ষিত ক্ষতির কারণ হতে পারে। রাসপূর্ণিমার আয়োজনের ক্ষেত্রেও ধর্মীয় ও সামাজিক সংহতির পাশাপাশি পরিবেশগত ক্ষতির বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।
গবেষণায় বন বিভাগের ব্যবস্থাপনাগত সীমাবদ্ধতার বিষয়টিও উঠে এসেছে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের উদ্যোগ থাকলেও পর্যাপ্ত জনবল না থাকায় বিপুলসংখ্যক দর্শনার্থীর ব্যবস্থাপনা ও বর্জ্য নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। ফলে বন সংরক্ষণের আইনি বিধিনিষেধ এবং ধর্মীয় আয়োজনের মধ্যে এক ধরনের টানাপড়েন তৈরি হচ্ছে।
তবে মানুষের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ পরিস্থিতির পরিবর্তন সম্ভব বলেও মনে করছেন গবেষকেরা। তাঁদের পর্যবেক্ষণে দেখা গেছে, অতীতে সুন্দরবনে প্রবেশের সময় হরিণের মাংস খাওয়াকে অনেকে সৌভাগ্যের বিষয় হিসেবে বিবেচনা করতেন। সচেতনতা বৃদ্ধির ফলে বর্তমানে সেই চর্চা আর নেই। অর্থাৎ যথাযথ প্রচার ও সচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের সামাজিক অভ্যাসেও পরিবর্তন আনা সম্ভব।
রাস পূর্ণিমাকে পরিবেশবান্ধব করতে গবেষণায় বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে উৎসবস্থলে লাউডস্পিকার নিষিদ্ধ করা, প্রতি ৫০ জন দর্শনার্থীর জন্য অন্তত একটি অস্থায়ী শৌচাগার স্থাপন এবং নদীতে বর্জ্য ফেলা কঠোরভাবে নিষিদ্ধ করা। পাশাপাশি প্লাস্টিকের পরিবর্তে পরিবেশবান্ধব ও পচনশীল প্যাকেজিং ব্যবহার এবং দর্শনার্থীদের সচেতন করতে স্থানীয় তরুণদের সম্পৃক্ত করে 'ইকো অ্যাম্বাসেডর' কর্মসূচি চালুর প্রস্তাব দেওয়া হয়েছে।
গবেষকেরা মনে করেন, সুন্দরবনের জলবায়ু, মাটি, ভূ-প্রকৃতি, উদ্ভিদ ও প্রাণিকুলের সঙ্গে সামঞ্জস্য রেখে উৎসবের আয়োজন পরিচালনা করা প্রয়োজন। এ ক্ষেত্রে বন বিভাগ, স্থানীয় জনগোষ্ঠী, আয়োজক কমিটি ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি। তাঁদের মতে, ধর্মীয় ঐতিহ্য ও পরিবেশ সংরক্ষণকে মুখোমুখি না দাঁড় করিয়ে পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে দুটিই টিকিয়ে রাখা সম্ভব।