মাগুরা প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে এবং সম্প্রতি নড়াইলে বিএনপির দুই নেতাকে হত্যার প্রতিবাদে মাগুরায় জেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য কুতুব উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, স্বেচ্ছাসেবকদলের সদস্যসচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবকদলের জ্যেষ্ঠ সহসভাপতি হাসানুর রহমান হাসু, যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি আমিরুল ইসলাম, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম, মহিলাদলের স্মৃতি খাতুন প্রমুখ।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী ফাঁসির আসামি শেখ হাসিনা ভারতে বসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির উসকানি দিচ্ছেন। সে বিষয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তারা।
এ সময় জেলা বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকশ’ নেতা-কর্মী বিক্ষোভে অংশ নেন।