সুবর্ণভূমি ডেস্ক
দেশে নাশকতা ও সহিংসতা প্রতিরোধে জাতীয় ঐক্য গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৩ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এ সংলাপ শুরু হতে পারে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিরোধী জোটের জামায়াতে ইসলামীসহ জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া সব রাজনৈতিক দলকে এ আলোচনায় আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে সরকারপ্রধানের।
এনসিপির একাধিক নেতা জানান, দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম লন্ডন সফর শেষে রোববার দেশে ফিরবেন। এরই মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এনসিপিকে বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে দলটির বৈঠক অনুষ্ঠিত হতে পারে। তবে সোমবারই বৈঠক হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নাহিদ ইসলাম দেশে ফেরার পর দিনক্ষণ চূড়ান্ত করা হতে পারে।
বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী তৎপরতা ও নাশকতা প্রতিরোধ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হতে পারে।
একাধিক রাজনৈতিক সূত্র জানায়, বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ ও বৈঠক আয়োজনের সমন্বয় করছেন বিএনপির একজন হুইপ। তবে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। আগামী ২৬ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। সে ক্ষেত্রে আগামী ২৭ অথবা ২৮ নভেম্বর জামায়াতে ইসলামীর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ হতে পারে।
প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যৌথভাবে বৈঠক করবেন, নাকি পৃথকভাবে আলোচনা করবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরিস্থিতি ও সংশ্লিষ্ট দলগুলোর সুবিধা বিবেচনায় দুই ধরনের বৈঠকেরই সম্ভাবনা রয়েছে।
রাজনৈতিক সূত্রগুলো বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতা রাজনৈতিকভাবে মোকাবিলা এবং জাতীয় পর্যায়ে বৃহত্তর ঐক্য গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ ক্ষেত্রে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে একই প্ল্যাটফর্মে আনার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।
এরই ধারাবাহিকতায় গত বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতার মধ্যে বৈঠক হয়। ওই বৈঠকের পর সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের মতো আবারও জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
অন্যদিকে গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।