সুবর্ণভূমি ডেস্ক
মাগুরার মহম্মদপুর উপজেলার কুমরুল মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
একই সঙ্গে ভবনের দরজা-জানালায় ‘লকডাউন সফল হোক’ লেখা বিভিন্ন রঙের আটটি কাগজ সাঁটানো হয়েছে। নিষিদ্ধঘোষিত সংগঠন উপজেলা ছাত্রলীগের নামে এসব পোস্টার লাগানো হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে ধারণা স্থানীয়দের। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়টি জানাজানি হলে শনিবার সন্ধ্যায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেন। পরে রাতেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাবুখালী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ফটকের তালা খুলে দেন এবং দরজা-জানালা থেকে কাগজগুলো সরিয়ে ফেলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী মৃধা বলেন, শুক্রবার ও শনিবার বিদ্যালয় সাপ্তাহিক বন্ধ ছিলো। নৈশপ্রহরীর মাধ্যমে খবর পেয়ে বিদ্যালয়ে গিয়ে তিনি অ্যাকাডেমিক ভবনের প্রধান ফটকে তালা এবং দরজা-জানালায় রঙিন কাগজ সাঁটানো দেখতে পান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও পাঠদানের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাবুখালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শাহিদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তসাপেক্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।