সভাপতি জুয়েল, সাধারণ সম্পাদক কৌশিক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। জুয়েল মাহমুদকে সভাপতি এবং কৌশিক আহমেদ রানাকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।
আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
২১ নভেম্বর জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের প্যাডে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
একই দিন সন্ধ্যায় কমিটির তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘোষিত কমিটিতে সিনিয়র সহসভাপতি করা হয়েছে সাইফুল ইসলামকে।
সহসভাপতির দায়িত্ব পেয়েছেন সাদ্দাম হোসেন, সাইমুজ্জামান মিশা, জিল্লুর রহমান ও ফয়সাল ইকবাল।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আমানউল্লাহ আমান। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মাহবুবুর রহমান, মাজেদুল আলম মেহেদী ও ওয়ালিদ হাসানকে।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন আরাফাত হোসেন, সহসাংগঠনিক সম্পাদক শোয়েব তিতাস এবং প্রচার সম্পাদক হয়েছেন মো. রাশিদুল ইসলাম।
গত ১ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আগের কমিটি বাতিল করে কেন্দ্রীয় সংসদ। ওই কমিটির সভাপতি ছিলেন শাহজাহান খান এবং সাধারণ সম্পাদক ছিলেন মোমিনুর রহমান মোমিন মালিতা।
২০১৮ সাল থেকে এ কমিটি দায়িত্ব পালন করছিল।
ওই কমিটির সভাপতি শাহজাহান খানের ছেলে চলতি বছর এইচএসসি পাস করেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা ও প্রচারণা শুরু হয়। এরই একপর্যায়ে ১ নভেম্বর সন্ধ্যার পর কমিটি বাতিলের ঘোষণা আসে।
কমিটি বাতিলের ২১ দিনের মাথায় নতুন আংশিক কমিটি ঘোষণা করল কেন্দ্রীয় সংসদ।
নতুন কমিটি প্রসঙ্গে আগের কমিটির সভাপতি শাহজাহান খান বলেন, ‘আমরা অনেক দিন কমিটিতে থেকেছি। নতুন কমিটি হয়েছে। নতুনরা আসবে, এটাই নিয়ম।’