যশোর, বাংলাদেশ || রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তরিকুল ইসলাম ছিলেন ‘পূর্ণাঙ্গ ও ধ্রুপদী রাজনীতিবিদ’: স্মরণসভায় রিজভী

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ২০ নভেম্বর,২০২৬, ০৬:৪২ পিএম
আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর,২০২৬, ০৭:০৬ পিএম
তরিকুল ইসলাম ছিলেন ‘পূর্ণাঙ্গ ও ধ্রুপদী রাজনীতিবিদ’: স্মরণসভায় রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তরিকুল ইসলাম ছিলেন একজন ‘পূর্ণাঙ্গ ও ধ্রুপদী রাজনীতিবিদ’। যিনি জীবনের শুরু থেকে ধাপে ধাপে জাতীয় পর্যায় পর্যন্ত রাজনীতি করেছেন এবং অন্য কোনো পেশা বা ব্যাকগ্রাউন্ডের কথা চিন্তা করেননি। আন্দোলন-সংগ্রাম ও অভিজ্ঞতা সঞ্চয় করে তিনি যেমন সরকারের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, তেমনি রাজনৈতিক নেতা হিসেবে নানা কর্মসূচিও বাস্তবায়ন করেছেন।

বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।একইসঙ্গে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতা এবং বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতা, খুন ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন রুহুল কবির রিজভী।

শুক্রবার বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হলে) জেলা বিএনপি আয়োজিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

বক্তব্যের শুরুতে প্রকৃত রাজনীতিবিদের বৈশিষ্ট্য তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, অনেকেই সংসদ সদস্য বা মন্ত্রী হন। কেউ পার্ট-টাইম ঠিকাদার বা ব্যবসায়ী হিসেবে, কেউবা চাকরিশেষে রাজনীতিতে যুক্ত হন। কিন্তু যিনি প্রকৃত অর্থে রাজনীতিবিদ হিসেবে পরিচিত, তার গড়ে ওঠার পটভূমি ভিন্ন। ছাত্রজীবন থেকেই নানা সংগ্রাম ও ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে তিনি পরিণত হন এক ধ্রুপদী বা ক্লাসিক্যাল পলিটিক্যাল ক্যারেক্টারে। তরিকুল ইসলাম ছিলেন তেমনই একজন।

দীর্ঘ রাজনৈতিক অনুশীলনের ফলে একজন রাজনীতিবিদের মনোজগৎ ও দেখার দৃষ্টি প্রসারিত হয় উল্লেখ করে ওয়ান-ইলেভেনের সময়কালের একটি ঘটনার স্মৃতিচারণ করেন রিজভী। তিনি বলেন, গণতন্ত্রকে পাশ কাটিয়ে যারা ক্ষমতায় এসেছিল, তাদের আমলে মিথ্যা অভিযোগে তরিকুল ইসলাম ও ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে অনেককে গ্রেপ্তার করা হয়। কারাগারে অনেকের কান্নাকাটি বা ধর্মচর্চার মাঝে তরিকুল ইসলাম হাসতে হাসতে নেতাকর্মীদের বলেছিলেন, ‘তোরা যা-ই করিস, দুই বছরের আগে বেরোতে পারবি না।’

দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মেয়র মির্জা আব্বাসের বরাতে এই ঘটনা উল্লেখ করে তিনি বলেন, সামরিক চরিত্রের সরকারের গতিপ্রকৃতি সম্পর্কে দীর্ঘ অভিজ্ঞতা ও প্রজ্ঞার জায়গা থেকেই তিনি কথাটি বলেছিলেন, এবং বাস্তবেও ঠিক দুই বছরের আগে কেউ মুক্তি পাননি।

তরিকুল ইসলামের শিক্ষাজীবন ও ছাত্ররাজনীতির প্রসঙ্গ টেনে রিজভী বলেন, তিনি যশোর জিলা স্কুল ও এমএম কলেজের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তিনি ছাত্রত্ব ও ছাত্ররাজনীতি উভয়ই করেছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রবীণ শিক্ষক ও স্থানীয় প্রবীণ ছাত্র ইউনিয়ন কর্মীদের স্মৃতিচারণ করে তিনি জানান, আইয়ুব খানের শাসনামলের অত্যাচার, নিপীড়ন ও ছাত্রদের ওপর গুলিবর্ষণের বিরুদ্ধে ভুবনমোহন ক্যাম্পাসে তরিকুল ইসলামের বক্তৃতা শুনতে মানুষ ভিড় জমাতো এবং তার বর্ণনায় সাধারণ মানুষের চোখ ভিজে উঠতো।
তরিকুল ইসলামের নেতৃত্বের আরেকটি দিক হিসেবে তার সাংস্কৃতিক মনন ও সাহিত্যানুরাগ তুলে ধরে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তার সান্নিধ্যে থাকা নেতাকর্মীরা রাজনীতির বাইরেও তার সাথে সাহিত্য নিয়ে আলোচনা করতেন। সমরেশ মজুমদারের উপন্যাস বা টিএস এলিয়টের কবিতা পড়া হয়েছে কি না এমন প্রশ্ন নিয়ে তিনি জুনিয়রদের সাথে কথা বলতেন, যা একজন জাতীয় পর্যায়ের নেতার ক্ষেত্রে ব্যতিক্রমী ও অনুপ্রেরণাদায়ক ছিল।

প্রগতিশীল ছাত্ররাজনীতি এবং পরবর্তীতে মজলুম জননেতা মাওলানা ভাসানীর সান্নিধ্যে জাতীয় রাজনীতিতে আসা তরিকুল ইসলামের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অবদানের বিষয়টি জাতীয় পর্যায়ে সেভাবে আলোচিত বা গবেষণা হয়নি বলে আক্ষেপ প্রকাশ করেন রিজভী। তিনি জানান, ১৯৭১ সালে ভারতে অবস্থানকালে তরিকুল ইসলাম সংগঠন গড়ে তোলা ও মুক্তিযুদ্ধে তরুণদের সম্পৃক্ত করার কাজে ভূমিকা রেখেছিলেন। এ বিষয়ে আরও বিস্তৃত গবেষণা প্রয়োজন ।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সহকর্মী হিসেবে তরিকুল ইসলামের অবস্থানের কথা তুলে ধরে রিজভী বলেন, কোনো আন্দোলনের কর্মসূচি ঘোষণার আগে বেগম খালেদা জিয়া সর্বপ্রথম তরিকুল ইসলামের নাম স্মরণ করতেন। ২০১৪ সালে কেন্দ্রীয় কার্যালয় থেকে দরজা ভেঙে গ্রেপ্তারের পর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায়ও তার মাধ্যমে সারাদেশের নেতাকর্মীদের সাথে যোগাযোগ ও আন্দোলনের লজিস্টিক সমন্বয় করা হয়েছিল। দলের শীর্ষ নেতৃত্বের এই অগাধ বিশ্বাস অর্জন করা সবার পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। ১৭ বছরের সংগ্রামের একটি বড় অংশে তরিকুল ইসলাম অসুস্থতা ও যশোরের বাসায় ‘বুকডোর’ অভিযানের মতো চাপের মুখেও নেতৃত্ব দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তব্যর রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা, জেলা জামায়তের আমির গোলাম রছুল এমপি, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নুরুজ্জামান, যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)