স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর কোতোয়ালি মডেল থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকালে কোতোয়ালি থানা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে থানা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। এ ছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘নতুন থানা ভবন নির্মাণের মাধ্যমে যশোর কোতোয়ালি থানার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও জনবান্ধব হবে। এতে পুলিশের সেবার মান বাড়বে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে।’