মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে পাওনা টাকাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন।
তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে শাহজাহান মোল্লার বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চাপাতলা গ্রামের মৃত রাজ্জাক বিশ্বাসের ছেলে মাহতাব বিশ্বাস (৫০) ও একই গ্রামের মৃত আহমদ মোল্লার ছেলে শাহজাহান মোল্লার (৩৫) মধ্যে দীর্ঘদিন ধরে পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল। শনিবার রাতে সড়কে দেখা হলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে মাহতাব বিশ্বাসের পক্ষের চারজন আহত হন। তারা হলেন—সাহাদাত বিশ্বাসের ছেলে খোরশেদ বিশ্বাস (৪০), সাদেক বিশ্বাসের ছেলে মোস্তাক হোসেন (৪৫), মৃত রাজ্জাক বিশ্বাসের ছেলে মুক্তার বিশ্বাস (৪৪) ও মৃত জয়নাল মোল্লার ছেলে হানিফ মোল্লা (৫২)।
অন্যদিকে শাহজাহান মোল্লার পক্ষের তিনজন আহত হন। তারা হলেন—মৃত আহমদ মোল্লার ছেলে শিপন মোল্লা (৪০) ও মুকুল মোল্লা (২৫) এবং হৃদয় হোসেনের স্ত্রী চম্পা খাতুন (১৮)। আহত ব্যক্তিদের সবার বাড়ি চাপাতলা গ্রামে।
পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে খোরশেদ বিশ্বাসের অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।