মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী সীমান্তে অভিযান চালিয়ে এক কেজি ভারতীয় গাঁজা ও এক হাজারটি ভারতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য তিন লাখ সাড়ে তিন হাজার টাকা।
রোববার (২২ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (২১ নভেম্বর) রাত ১১টার দিকে গাংনী উপজেলার রংমহল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রংমহল মাঠে অভিযান চালায় তাদের একটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় এক কেজি ভারতীয় গাঁজা, ৫০০টি ডেক্সামেথাসন ও ৫০০টি সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।
উল্লেখ্য, ডেক্সামেথাসন ও সাইপ্রোহেপ্টাডিন মূলত চিকিৎসায় ব্যবহৃত ওষুধ। ডেক্সামেথাসন স্টেরয়েডজাতীয় ওষুধ, যা প্রদাহসহ বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। অন্যদিকে সাইপ্রোহেপ্টাডিন অ্যালার্জির চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টিহিস্টামিন ওষুধ, যা ক্ষুধা বাড়ানোর জন্যও ব্যবহৃত হয়ে থাকে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া এসব ওষুধ সেবনে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। বিশেষ করে দীর্ঘদিন অনিয়ন্ত্রিতভাবে স্টেরয়েড সেবনে উচ্চ রক্তচাপ, রক্তে শর্করা বৃদ্ধি ও রোগ প্রতিরোধক্ষমতা কমে যাওয়ার ঝুঁকি রয়েছে।
এর আগেও গাংনী সীমান্তে এসব ওষুধের একাধিক চালান উদ্ধার করেছে বিজিবি। গত ১৮ অক্টোবর কাজিপুর বর্ডারপাড়া মাঠ থেকে ৮৮০টি ডেক্সামেথাসন ও এক হাজার ১৪০টি সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ১৫ সেপ্টেম্বর কাজিপুর সীমান্তের শেওড়াতলা মাঠ থেকে ৭৫০টি ডেক্সামেথাসন ও তিন হাজারটি সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়েছিল।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি নিয়মিত টহল ও অভিযান চালানো হচ্ছে।
সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্য প্রবেশ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।