মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুর উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঝাঁপা ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রিপনকে লক্ষ্য করে চারটি হাতবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার চণ্ডীপুর ভানুর মোড়ে এ ঘটনা ঘটে।
বোমা বিস্ফোরণে কেউ হতাহত না হলেও পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার বর্ণনা দিয়ে আহসান হাবিব রিপন বলেন, রাতে মণিরামপুর বাজারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করে বাড়ির সামনের মোড়ে একটি চায়ের দোকানে বসে ছিলেন তিনি। তার সঙ্গে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইকরামুল হোসেনসহ দলের কয়েকজন নেতা-কর্মী ছিলেন। রাত ১১টার দিকে দোকান বন্ধ হওয়ার আগমুহূর্তে রাজগঞ্জ বাজারের দিক থেকে দুটি মোটরসাইকেল তাদের সামনে দিয়ে মণিরামপুর বাজারের দিকে যায়। মিনিট দুয়েক পর মোটরসাইকেল দুটি ফিরে আসে এবং আরোহীরা তাদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে।
রিপন আরও বলেন, তাদের থেকে দুই-তিন হাত দূরত্বে বিকট শব্দে তিনটি বোমা বিস্ফোরিত হয়। এ সময় আতঙ্কে তারা দোকানের ভেতরের দিকে ঢুকে পড়েন। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন ছুটে এলে তারা বেরিয়ে মোটরসাইকেল দুটিকে ধাওয়া করেন। কিন্তু ধরতে পারেননি।
ঘটনার প্রত্যক্ষ অভিজ্ঞতা জানিয়ে রিপন বলেন, ‘দুটি মোটরসাইকেলে চারজন ছিল। তারা মোটরসাইকেলের ওপর বসে বোমা ছুড়েছে। তিনটি বোমা ফুটেছে। সকালে (২৫ নভেম্বর) লোকজন ঘটনাস্থলের পাশে একটি অবিস্ফোরিত বোমা পড়ে থাকতে দেখেছেন।’
আহসান হাবিব রিপন বলেন, তিনি ঝাঁপা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। এ কারণে তার প্রতিপক্ষ রয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনই বলতে চাচ্ছেন না। থানায় গিয়ে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার অংশবিশেষ জব্দ করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।