স্টাফ রিপোর্টার
, যশোর
ফেনসিডিল রাখার দায়ে ঝিকরগাছার হাশেম নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২৫ নভেম্বর) যশোরের বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) আনিসুর রহমান পলাশ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত হাশেম ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের মৃত আতর আলীর ছেলে। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্র জানায়, ২০১১ সালের ১ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছা থানা-পুলিশ উপজেলার হাজেরালী এলাকায় মহসিনের ইটভাটার সামনে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে হাশেম ও একই উপজেলার পুরন্দরপুর গ্রামের কালামকে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা দুটি আলাদা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ২৫ বোতল করে মোট ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) ওমর শরীফ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ৭ ডিসেম্বর তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন।
মামলার বিচার চলাকালে অপর আসামি কালামের মৃত্যু হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত হাশেমকে এই দণ্ড দেন।