ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় অবৈধভাবে নারিকেল তেল উৎপাদন এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন শিশুখাদ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত উপজেলার কলেজ রোড ও উপজেলা বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, কলেজ রোড এলাকার মেসার্স আব্দুস সাত্তার বিশ্বাস অয়েল মিলস পরিদর্শনকালে অবৈধভাবে প্যারাসুট ব্র্যান্ডের কদম ফুল নারিকেল তেল উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটির তেল উৎপাদনে বিএসটিআইয়ের কোনো অনুমোদন ছিল না। অথচ পণ্যে ব্যবহার করা হচ্ছিল বিএসটিআইয়ের লোগো।
এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, উপজেলা বাজারের ছালাম স্টোরে অভিযান চালিয়ে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নামবিহীন এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা বিপুল পরিমাণ প্যাকেটজাত শিশুখাদ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে একই আইনের ৩৭ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, অভিযান চলাকালে মনিটরিং টিমের উপস্থিতিতে ঝিকরগাছা বাজারের মাংস ব্যবসায়ীরা প্রতি কেজি মাংসের দাম ৭৮০ টাকা থেকে কমিয়ে ৭৫০ টাকা নির্ধারণ করেন। পাশাপাশি প্রতিটি দোকানে মূল্যতালিকা টাঙিয়ে দেন।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান অভিযানে নেতৃত্ব দেন।
এ সময় জেলা পুলিশ, ঝিকরগাছা থানা পুলিশের সদস্য এবং যশোর জেলা ক্যাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, ভোক্তাদের স্বার্থ ও অধিকার রক্ষায় এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।