চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় লাওসে পাঠানোর কথা বলে দুই লাখ ৭০ হাজার টাকা আত্মসাৎ, উড়োজাহাজের ভুয়া টিকিট দেওয়া এবং ঢাকার একটি হোটেলে আটকে রাখার অভিযোগ উঠেছে এক ট্রাভেল এজেন্সির মালিকের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী মোফাজ্জেল হোসেন (৫২) চৌগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্ত তরিকুল ইসলাম মিলন (৪০) উপজেলার পাতিবিলা ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের বদিয়ার রহমানের ছেলে এবং চৌগাছা বাজারের 'এম কে কম্পিউটার ট্রেনিং সেন্টার অ্যান্ড ট্রাভেল এজেন্সি'র স্বত্বাধিকারী।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোপীনাথপুর গ্রামের মোফাজ্জেল হোসেনকে লাওসে পাঠানোর আশ্বাস দেন তরিকুল ইসলাম। এ বিষয়ে গত ৯ জুলাই একটি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী দুই মাসের মধ্যে বিদেশে পাঠানোর কথা বলে মোফাজ্জেলের কাছ থেকে দুই লাখ ৪০ হাজার টাকা নেওয়া হয়। পরে ৪ আগস্ট আরও ৩০ হাজার টাকা নেওয়া হয়। সব মিলিয়ে এজেন্সি মালিককে দুই লাখ ৭০ হাজার টাকা দেন তিনি। এ ছাড়া বিভিন্ন দপ্তরে যাতায়াত বাবদ তার আরও ১৫ হাজার টাকা খরচ হয়।
ভুক্তভোগী জানান, সুদের ওপর এবং আদ-দ্বীন এনজিও থেকে ঋণ নিয়ে তিনি এই অর্থ সংগ্রহ করেছিলেন।
মোফাজ্জেলের অভিযোগ, গত ২০ নভেম্বর তাকে ভুয়া উড়োজাহাজের টিকিট দিয়ে লাওসে পাঠানোর কথা বলে ঢাকার একটি হোটেলে নেওয়া হয়। সেখানে পৌঁছালে হোটেলের লোকজন তার কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা ও একটি স্মার্টফোন কেড়ে নিয়ে তাকে আটকে রাখে। পরে ২৩ নভেম্বর কৌশলে সেখান থেকে পালিয়ে তিনি বাড়িতে ফিরে আসেন
এরপর মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে চৌগাছা বাজারে এজেন্সির কার্যালয়ে গিয়ে টাকা ফেরত চাইলে তরিকুল ইসলাম তা দিতে অস্বীকার করেন। একপর্যায়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মোফাজ্জেল হোসেনের স্ত্রী জোসিমা বেগম বলেন, ‘বিদেশে নিয়ে যাবে বলে প্রথমে আমার স্বামীকে সঙ্গে নিয়ে এজেন্সিতে গিয়ে ২ লাখ ৪০ হাজার টাকা দিই। পরে আরও ৩০ হাজার টাকা দেওয়া হয়। এসব টাকা ঋণ ও সুদের ওপর নেওয়া। আমাদের মতো গরিব মানুষের সঙ্গে এই প্রতারণার সুষ্ঠু বিচার চাই।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে তরিকুল ইসলাম মিলন ফোনে শুধু দুই লাখ ৪০ হাজার টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি দাবি করেন, মোফাজ্জেলকে বিদেশে পাঠানোর সব প্রক্রিয়া সম্পন্ন করে ঢাকায় নেওয়া হয়েছিল। কিন্তু সেখান থেকে তিনি নিজেই চলে যান এবং পরে আর ফোন ধরেননি। ঢাকার হোটেলে আটকে রেখে টাকা ও ফোন কেড়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, এসব অভিযোগ মিথ্যা।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান রনি বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।