চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় ৪০ অ্যাম্পুল বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধারের মামলায় হাসিদ মণ্ডল নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত হাসিদ মণ্ডল চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা তেঁতুলতলাপাড়ার মৃত শহিদ মণ্ডলের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৩০ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে হাসিদ মণ্ডলের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।
এ সময় তার পরনের জ্যাকেটের পকেটে থাকা একটি কাপড়ের ব্যাগ থেকে ৪০ অ্যাম্পুল (৮০ মিলিলিটার) বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১২ হাজার টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
রাষ্ট্রপক্ষের পাঁচজন সাক্ষীর সাক্ষ্য ও তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই দণ্ডাদেশ দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম এবং আসামিপক্ষে আইনজীবী মফিজুর রহমান মামলা পরিচালনা করেন।
রায়ের প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম বলেন, এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।