কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রায় ইয়াবা কেনাবেচার সময় অভিযান চালিয়ে ৭৯ পিস ইয়াবাসহ দুই যুবককে আটকের দাবি করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পল্লীমঙ্গল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কয়রা চার নম্বর গ্রামের আবু মুছা সানার ছেলে আলামিন হোসেন (২০) ও আব্দুল আজিজ সরদারের ছেলে আহসানুল্লাহ (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কয়রা থানা-পুলিশের একটি দল নিয়মিত টহল দিচ্ছিল। রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সদর ইউনিয়নের পল্লীমঙ্গল এলাকার পিচঢালা সড়কের পাশে কয়েকজন মাদক কারবারি ইয়াবা কেনাবেচা করছেন।
খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১০টার দিকে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৭৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বুধবার (২৫ নভেম্বর) আদালতে পাঠানো হয়েছে।