খুলনা অফিস
খুলনা নগরের টুটপাড়া এলাকা থেকে একটি ওয়ান শুটারগান, চারটি গুলি ও মাদকদ্রব্যসহ শীর্ষ সন্ত্রাসী সেজানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) ভোরে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তার অন্য দুজন হলেন টুটপাড়া এলাকার সত্তার ও নয়ন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে টুটপাড়া এলাকায় অভিযান চালায় সদর থানা পুলিশ। এ সময় ওই তিনজনকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, শটগানের চারটি গুলি ও মাদকদ্রব্য উদ্ধার হয়।
খুলনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, গ্রেপ্তার সেজান খুলনা মহানগরের একটি শীর্ষ সন্ত্রাসী বাহিনীর প্রধানের একান্ত সহযোগী।
তার বিরুদ্ধে থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।