চাঁদাবাজির অভিযোগ করায় বিএনপি কার্যালয়ে হামলা
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
চাঁদাবাজির বিরুদ্ধে লিখিত অভিযোগ করায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী খায়রুল ইসলামসহ চারজনের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের দোসতিনা বাজারে হামলার ঘটনাটি ঘটেছে।
আহতরা হলেন, শিমুলিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী খায়রুল ইসলাম (৪৭), মুকুল হোসেন (৪০), নুর ইসলাম (৬৫) ও সাদ্দাম হোসেন (৩৫)। তাদের সবার বাড়ি দোসতিনা গ্রামে।
আহতদের অভিযোগ অনুযায়ী হামলাকারী হিসেবে ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন রবিউল ইসলাম, রাহাজ্জান, মিজানুর রহমান মিজা, শামছুর ঢালি, আশানুর রহমান আশা, আশিকুল, আকুল, জিসান, আসমত ঢালি, শফি ও সেতু। তাদের বাড়িও একই এলাকায়।
ঘটনার পরপরই ঝিকরগাছা থানার এসআই ফেরদৌস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে বিএনপির দলীয় কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করা অবস্থায় দেখতে পান। পরে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখেন আহত চারজন চিকিৎসা নিচ্ছেন । তাদের মধ্যে গুরুতর দুজনকে উন্নত চিকিৎসার্থে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআই ফেরদৌস বলেন, এ ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। ঘটনার প্রকৃত কারণ ও হামলার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।