পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় সর্বশেষ ২৪ ঘণ্টায় ছাত্রলীগ নেতাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে পুলিশ আইনের ৩৪ ধারায় আটজন, নিয়মিত মামলায় একজন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুজন রয়েছেন।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে ২০২৪ সালের রাজনৈতিক ১৪ নম্বর মামলায় পৌরসভার সরল গ্রামের শ্যামল মণ্ডলের ছেলে সজিব মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। তিনি পৌরসভা ছাত্রলীগের চার নম্বর ওয়ার্ডের সহসাধারণ সম্পাদক বলে জানা গেছে।
এ ছাড়া সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন কপিলমুনি ইউনিয়নের নাছিরপুর গ্রামের খালেক বিশ্বাসের ছেলে জয়নাল বিশ্বাস এবং উপজেলার প্রতাপকাটি গ্রামের আফসার গাজীর ছেলে রুহুল আমিন।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আওয়াল কবির জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।