৩০০ ইয়াবাসহ স্ত্রী আটক, জব্দ ১ লাখ ৮৫ হাজার টাকা
কুষ্টিয়া প্রতিনিধি
পুলিশ ও প্রশাসনের উপস্থিতি আগেভাগে জানতে বাড়ির পাশের পাকা সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছিলেন মাদক ব্যবসায়ী সোহেল রানা (৩২)। বাড়িতে বসেই ক্যামেরার মাধ্যমে নজরদারি করতেন আশপাশের এলাকা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেলেই পালানোর সুযোগ ছিল তার।
বৃহস্পতিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের সময়ও ক্যামেরায় নজরদারি করে পালিয়ে যান তিনি। তবে এ সময় তার স্ত্রী স্মৃতি খাতুনকে (৩০) ৩০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
অভিযানে মাদক বিক্রির প্রায় এক লাখ ৮৫ হাজার টাকাও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের জয়বাংলা বাজার এলাকায় সোহেল রানার বাড়িতে এ অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অভিযুক্ত সোহেল রানা ওই এলাকার মৃত উকিল শেখের ছেলে। অভিযোগ রয়েছে, একাধিকবার মাদক ব্যবসায়ী হিসেবে গ্রেপ্তার হওয়ার পরও সাংবাদিক পরিচয় ব্যবহার করে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন তিনি।
বাড়িতে কুষ্টিয়া থেকে প্রকাশিত একটি পত্রিকার বিশেষ প্রতিনিধি পরিচয়ে আঞ্চলিক কার্যালয়ও গড়ে তুলেছেন। তার ব্যবহৃত প্রাইভেট কার ও মোটরসাইকেলে ওই পত্রিকার স্টিকার লাগানো রয়েছে।
কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আসলাম হোসেন জানান, স্থানীয়দের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়।
তবে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে অভিযানের খবর পেয়ে সোহেল রানা পালিয়ে যান। এ সময় তার স্ত্রী স্মৃতি খাতুনকে ৩০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। একইসাথে মাদক বিক্রির প্রায় এক লাখ ৮৫ হাজার টাকা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালে শর্ত সাপেক্ষে কুষ্টিয়ার ২২২ জন মাদক ব্যবসায়ীকে সাধারণ ক্ষমা করে তৎকালীন সরকার।
ওই সময় মাদক মামলায় কারাদণ্ডপ্রাপ্ত সোহেল রানাও সাধারণ ক্ষমার আওতায় কারাগার থেকে মুক্তি পান। পরে তিনি আরও বড় পরিসরে মাদক ব্যবসার নেটওয়ার্ক গড়ে তোলেন বলে অভিযোগ রয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, সোহেল রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটটি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।