খুলনা অফিস
খুলনা নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডে আলোচিত চয়ণিকা ফার্মেসিতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে ফার্মেসির মালিকের ছেলে জারিফুজ্জামান জারিফ (৩২) গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে ৪৭ নম্বর টুটপাড়া সেন্ট্রাল রোডে অবস্থিত ফার্মেসিটিতে এ ঘটনা ঘটে। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, দুর্বৃত্তদের ছোড়া গুলি জারিফের বাম পায়ের হাঁটুর ওপরের অংশে লাগে। গুলিবিদ্ধ হওয়ার পর ফার্মেসিতে কর্মরত কর্মচারীরা দ্রুত প্রতিষ্ঠানটি বন্ধ করে তাকে উদ্ধার করেন।
পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, অজ্ঞাত ব্যক্তিদের চাঁদা দাবির কারণে গত ২৮ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ফার্মেসিটি বন্ধ ছিল। পরে খুলনা থানা পুলিশের সহযোগিতায় প্রতিষ্ঠানটি আবার চালু করা হয়।
তবে আগের চাঁদা দাবির ঘটনার সঙ্গে শুক্রবারের গুলিবর্ষণের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কারা এবং কী কারণে ফার্মেসিটিতে গুলি চালিয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।