ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি-বোড়াই এলাকায় সড়কে মোটরসাইকেল রেখে অবরোধ ও বিক্ষোভ করেছে নিষিদ্ধ ছাত্রলীগের ঝিনাইদহের নেতাকর্মীরা।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে হাইওয়ে পুলিশের টহল দল পৌঁছালে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করে চুয়াডাঙ্গার দিকে চলে যান।
স্থানীয় বিএনপি নেতা মুছা করিম খোকার দাবি অনুযায়ী, জুমার নামাজের সময় ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক আল ইমরানের নেতৃত্বে ১৫ থেকে ২০টি মোটরসাইকেলের একটি বহর সাধুহাটির ১২ মাইল এলাকার লালন ফিলিং স্টেশন থেকে মহড়া শুরু করে। সাধুহাটি মোড়ে মিছিল থেকে স্লোগান দেওয়া হলে তিনি লোকজন নিয়ে তাদের ধাওয়া করেন। পরবর্তীতে বোড়াই মাঠের কাছে সড়কের ওপর মোটরসাইকেল রেখে অবরোধ সৃষ্টি করে এবং সরকারবিরোধী স্লোগান দেওয়া হয়।
ভিডিওতে দেখা গেছে, ঝিনাইদহ হাইওয়ে পুলিশের একটি টহল দল ছাত্রলীগের বিক্ষোভের পাশ দিয়ে যাওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ দলটির কর্মীরা দ্রুত স্থান ত্যাগ করার চেষ্টা করে। এ সময় হাইওয়ে পুলিশের নিরস্ত্র এসআই কামরুল ইসলাম ও স্থানীয় লোকজন ধাওয়া করলে বেশ কয়েকটি মোটরসাইকেল ফেলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী বদরগঞ্জ বাজারের সজিব হোসেন জানান, নিষিদ্ধ দলের কর্মীরা মোটরসাইকেল নিয়ে রাস্তার উপর পড়ে গেলে দলটির ছত্রভঙ্গ নেতাকর্মীরা জোটবদ্ধ হয়ে হাইওয়ে পুলিশের গাড়ির দিকে তেড়ে আসে এবং তাদের বলতে শোনা যায় ‘মার হবে, মার হবে’।
এরপর মাঠে কর্মরত সাধারণ মানুষ হইচই শুরু করলে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মোটরসাইকেল ফেলে (ঝিনাইদহ-ল-১১-৯২৬৭) দ্রুত স্থান ত্যাগ করে। মোটরসাইকেলটি এখন আরাপপুর হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। এছাড়া, এক ছাত্রলীগ কর্মীকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিতে এবং হাইওয়ে পুলিশের কাছ থেকে ঝিনাইদহ-হ-১৪-২৮২৯ নম্বরের মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে দেখা যায়।
স্থানীয় সাধুহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জুমার নামাজে মানুষ ব্যস্ত থাকার সুযোগ নিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে স্লোগান দেয়।
এদিকে ছাত্রলীগের মিছিলের খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।