স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের ঝিকরগাছায় অভিযান চালিয়ে ৩শ' পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৯ লাখ ৭৪ হাজার ৯০০ টাকাসহ জিয়াউর রহমান (৫৫) নামে এক ‘চিহ্নিত মাদক বিক্রেতাকে’ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটক জিয়াউর রহমান বেনাপোল পোর্ট থানার বড়আচঁড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে। তিনি ঝিকরগাছার কুন্দিপুর গ্রামে বসবাস করেন।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ডিবি পুলিশের এসআই সালাউদ্দিনের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সকাল দশটার দিকে ঝিকরগাছার কুন্দিপুর রেলক্রসিং এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জিয়াউর পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। প্রাথমিকভাবে তার দেহ তল্লাশি করে একশ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী কুন্দিপুরের বাড়িতে অভিযান চালিয়ে আরও দুইশ’ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১৯ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জিয়াউর রহমান একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় আগেও মাদক মামলা রয়েছে। দীর্ঘ দিন ধরে তার বিরুদ্ধে মাদক কেনাবেচার অভিযোগ আসছিল। ইয়াবা ও নগদ টাকা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় নতুন করে একটি মামলা করা হয়েছে।